‘বিএনপি-জামায়াত অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠায় পায়তারা করছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র সমাজ, অর্থনীতি এই মুহুর্তে দুটো গুরুত্বপূর্ণ বিপদের সম্মুখীন। একটা বিপদ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের বিষফোঁড়া বিএনপি আসলে একটি সাম্প্রদায়িক তালেবানি চক্র। অপরদিকে ধর্মের মুখোশপরা জামায়াত ইসলামী রাজাকার, হেফাজত জঙ্গিরা হচ্ছে তালেবানি চক্র। 

এই দুই চক্রের মিলনে বাংলাদেশে অস্বাভাবিক একটি সরকার প্রতিষ্ঠার পায়তারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য হুমকি স্বরূপ।

জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, এই মুহুর্তে রাজনীতিতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামায়াত, হেফাজত জঙ্গিদের মিলিত চক্র দেশের যাপিত জীবনের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত হচ্ছে। আরেকটা বিপদ হচ্ছে দেশের অভ্যন্তরে দুর্নীতিবাজ এবং বাজার সিন্ডিকেটের কারসাজিতে বাজারের যে অস্থিরতা দেখা দিয়েছে, যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশিলতাকে ধ্বংস করে দিচ্ছে। দুর্নীতিবাজ, বাজার সিন্ডিকেটের কারসাজির ফলে অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হচ্ছে। আরেকদিকে এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বিএনপি-জামায়াত একটি তালেবানি শাসন কায়েম করার জন্য অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত হয়েছে।

জাসদের বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুবের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি।

হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের এই দুই বিপদকে মোকাবিলা করতে হবে। আমি মনে করি বাংলাদেশকে রক্ষা করতে হলে যে রকম দুর্নীতিবাজ, বাজার সিন্ডিকেটের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে, তেমনি কোন অবস্থাতেই বাংলাদেশে অস্বাভাবিক সরকারের মাধ্যমে একটি তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করতে দেয়া যাবে না। মনে রাখতে হবে আজকের বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বাংলাদেশে যাপিত জীবন বৈশ্বিক সংকটের কথাই বলি, আর ইউক্রেন যুদ্ধের কথাই বলি, তার ফলে একটা প্রভাব পড়েছে। সরকার করোনাকালে এই অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে সফল হয়েছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতির সেই শক্তি আছে, যে ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকট মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে। সমস্যা বাধিয়েছে দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি। যা বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। এরা আসলে বাংলাদেশের রাষ্ট্র অর্থনীতির জন্য মহা হুমকিস্বরূপ। এই বাজার সিন্ডিকেটের অভ্যন্তরীণ সমস্যা দুর্নীতিবাজদের কারসাজির সমস্যাটা মোকাবিলা করতে পারলেই যাপিত জীবনের এই সমস্যা সমাধান করতে পারবো।

সাবেক মন্ত্রী ইনু বলেন, ‘আমরা জনগণের সমস্যা সমাধান করার পক্ষে, আর বিএনপি জামায়াত চক্র জনগণের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে একটি অস্বাভাবিক সরকার কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত। আমরা যখন সমাধান দেই বিএনপি জামায়াতের কাছে যাপিত জীবনের কোন সমাধান নাই, প্রস্তাবও নাই। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে লিপ্ত আছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি জনগণকে বলবো, বাজারের সমস্যা, দ্রব্যমূল্যের সমস্যা, ডিজেলের সমস্যা, এই সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে কঠোর পদক্ষেপ নিবো, অপরদিকে আপনারা এই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন।

জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রদায়িক জঙ্গিবাদী, রাজাকার, হেফাজত চক্র সামরিক শাসকদের হাত ধরে বাংলাদেশে আমদানি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পাকিস্তানপন্থা, সাম্প্রদায়িকতার পথ থেকে অসাম্প্রদায়িকতার পথে টেনে তোলার চেষ্টা করছি। এখন আমরা মাঝ পথে আছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সমাজ অঙ্গনে এই জামাতি তেঁতুল হুজুররা এখনও চক্রান্ত করে চলেছে গোপনে এবং প্রকাশ্যে। সুতরাং এদের সঙ্গে এখনো ভোটে জেতার স্বার্থে দহরম-মহরম প্রকাশ্যে অপ্রকাশ্যে আঁতাত করে চলে। এটা জাতীয় রাজনীতির জন্য হুমকিস্বরূপ ও দুঃখজনক।