চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে মো. হাছান (১২) ও মো. হোসাইন (১০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এ ছাড়া লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে আবিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়ায় মারা যাওয়া দুই শিশু বনগ্রাম আবুল খায়ের কলোনির মো. শফির ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই শুক্রবার বিকেলে ঘর থেকে বের হয়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসী রাত ১০টার দিকে বাসার পাশে বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরে ভাসমান অবস্থায় হাসানের লাশ দেখতে পায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে হোসাইনকেও উদ্ধার করা হয়। স্থানীয় চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরে ডুবে আবিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আবিদা ওই এলাকার একরামুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই খেলা করছিল আবিদা। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির চেয়ারম্যান সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।