কিশোরগঞ্জের ভৈরব শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় নিরীহ মানুষের দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে।
সংঘর্ষে পুলিশ আহতের ঘটনায় ভৈরব থানার এসআই আজহারুল বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ ১১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। সংঘর্ষ চলাকালে স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড সড়কটি রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় নিরীহ বাসিন্দাসহ পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভৈরব থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ ১১০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ওই মামলায় আরমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।