রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে সড়ক নির্মাণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে বানানো হচ্ছে রাস্তা। স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে রাস্তার দুপাশে খাঁড়া পাহাড় কেটে এসব মাটি জমি ভরাটের জন্য বিক্রি করা হচ্ছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ফুলবাগিচা এলাকায় রশিদ আহমদ সড়কের সংস্কার কাজের অজুহাতে আশপাশে পাহাড় কেটে মাটি বিক্রি করার অভিযোগ করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, গ্রামীণ রাস্তাটি বন্ধ করে খননযন্ত্র দিয়ে পাহাড় কাটা হচ্ছে। ভরাটের জন্য মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়। এই প্রতিবেদক যাওয়ার পর খননযন্ত্র চালক মো. মোজাম্মেল মাটি কাটা বন্ধ রাখেন। এসময় জানতে চাইলে মো. মোজাম্মেল বলেন, মো. নজরুল নামে স্থানীয় এক ব্যক্তি সড়ক নির্মাণে মাটি কাটার জন্য খননযন্ত্রটি ভাড়া করে এনেছেন।

পরে নজরুল ও সোলাইমান নামে দুই ব্যক্তি ওই স্থানে আসেন। তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাটি কাটার অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়ক নির্মাণের জন্য মাটিগুলো কাটা হচ্ছে। জনস্বার্থে সহযোগিতা করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন তারা। এসময় নজরুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার জন্য অনুমতি নিতে ২০১৮ সালে আবেদনের একটি কাগজ দেখান। ওই কাগজে ৭ জন ব্যক্তির স্বাক্ষর ও দুজনের সুপারিশ রয়েছে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, পাহাড় কাটার বিষয়ে খোঁজ নিয়ে অভিযান চালানো হবে।