৩২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহের কোনামালঞ্চ এলাকার সুরুজ আলী হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হককে (৭২) ৩২ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আজিজুল হক মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ এলাকার মৃত শুকুর আলীর ছেলে। 

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ৩২ বছর আগে (১৯৯০ সালে) উপজেলার কোনামালঞ্চ এলাকার সুরুজ আলীর সঙ্গে একই এলাকার মো.জাবেদ আলীর পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিলো। সেই দ্বন্দ্বের এক পর্যায়ে মারামারি হয়। সে সময় আজিজুল হকের বাঁশের লাঠির আঘাতে সুরুজ আলী আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। আহত সুরুজ আলীকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

এ ঘটনায় নিহত সুরুজ আলীর স্ত্রীর বড় ভাই ১৯৯০ সালের ১৭ অক্টোবরে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। মামলার রায়ে আসামি আজিজুল হকের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ ঘটনায় র‍্যাব সদস্যরা পালাতক আসামি আজিজুল হকের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে চিহ্নিত করেন। জামালপুর র‍্যাবের সদস্যরা হত্যা মামলায় সাঁজাপ্রাপ্ত পালাতক আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।