কুমিল্লায় ধর্ষণ মামলায় জামাই নুরুল ইসলাম এবং উকিল শ্বশুর আবদুর রহমান যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে, নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে মাত্র ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রী দেলোয়ারা বেগমকে অপর আসামি উকিল শ্বশুর আবদুর রহমানের কাছে বিক্রি করে দেয়। একই বছরের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল ইসলাম তার স্ত্রীর হাত-পা চেপে ধরলে উকিল শ্বশুর আবদুর রহমান দেলোয়ারাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার তদন্ত চলাকালে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়। এই মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।