দুদিন ধরে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী

দেশে গতকাল রবিবারও এ বছরের সর্বোচ্চ ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আগের দিনও একই সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়। তবে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ নিয়ে তিন দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুশূন্য যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৪০ জনের মধ্যে ঢাকায় ৩০৯ এবং ঢাকার বাইরে রয়েছে ১৩১ জন। নতুন রোগীসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৬৫০ জন।

চলতি বছর গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৮৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১২ হাজার ১৮০ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৫০ জন। বছরের প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ২১ জুন।