ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে সংস্কারকাজ চলায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ফলে মহাসড়কের গৌরীপুর এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে পূর্বাঞ্চলের ঢাকাগামী যাত্রীরা।

জানা গেছে,আগেও সংস্কার করা হয়েছে, কিন্তু জমে থাকা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। তাই এবার আরসিসি ঢালাই কাজ চলছে। চার লেনের মধ্যে একটি লেনে কাজ চলছে। এতে বুধবার ভোর থেকে গৌরীপুর হতে জিংলাতুলি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, সংস্কারকাজ চলায় ধীর গতিতে যানবাহন চলছে। প্রতিদিন আমি নিজেই গৌরীপুর বাসস্ট্যান্ডে ডিউটি করছি। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে আমার পুলিশ সদস্যরা কাজ করছে।

তিনি আরো বলেন, মহাসড়কটিতে একদিকে  অতিরিক্ত যানবাহনের চাপ অন্যদিকে ভিআইপিদের চলাফেরা। ইউটার্ন দিয়ে ভিআইপি পাস এবং চালকদের শৃঙ্খলা না মানায় সকাল বেলা একটু চাপ ছিল। দুপুরের পর থেকে কোন জট নেই।

গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী (সওজ) মো. আবু সালেহ দেশ রূপান্তরকে  জানান, গৌরীপুর বাসস্ট্যান্ডে বৃষ্টির পানি জমে ক্ষতিগ্রস্ত  সড়কটির সংস্কার কাজে আরো এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। আর এখানে চারটি লেনের মধ্যে একটি লেনে কাজ চলছে। স্থানীয় লোকাল বাসে যাত্রী ওঠানামা করতে গিয়ে এ যানজট লেগে যায়। ঠিকাদার এবং আমাদের অফিসের লোকজন কাজ চলাকালীন  দায়িত্ব পালন করেও নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ চালকরা কেউই কথা শোনেন না।