রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজের চুক্তিভিত্তিক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে সরিয়ে দিতে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের তদন্তে ফরহাদ হোসেনের অবৈধ নিয়োগের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে অনুরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিঠিটি প্রকাশ করেছে ঢাকা বোর্ড।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মিরপুরের মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের চাকরির মেয়াদ ২০২০ সালের ২ জুলাই পূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তবে তদন্ত অনুযায়ী, তার চুক্তিভিত্তিক নিয়োগ সঠিক ও বিধিসম্মত হয়নি। এ ছাড়া ২০২১ সালের ২৩ মে থেকে প্রতিষ্ঠানটির কোনো কমিটি নেই।
নিয়মিত গভর্নিং বডি চলমান না থাকায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা নিতে মাউশি অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
এদিকে সরকারি অনুমোদন ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগে বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ষাটোর্ধ্ব প্রধান শিক্ষকদের দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকার জেলা শিক্ষা অফিস। গতকাল ঢাকা জেলা শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২১ সালের জনবল কাঠামোয় প্রতিষ্ঠানপ্রধানদের বয়স ৬০ বছর উত্তীর্ণ হওয়ার পরও সরকারের অনুমোদন নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রাখা হয়েছে। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমোদন ছাড়া অনেক প্রতিষ্ঠানপ্রধান শুধু কমিটির অনুমোদন নিয়েই দায়িত্ব দিচ্ছেন। সরকারের অনুমোদন ছাড়া অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব শিক্ষককে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।