বাংলাদেশের সুন্দর একটি সংবিধান রয়েছে এবং এর আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গতকাল সোমবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বলতে পারি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরও উন্নয়ন এনে দিতে পারে। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ অতিদ্রুত আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ ছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে বছরে তিন বিলিয়ন (৩০০ কোটি) পাউন্ড মূল্যের পণ্য আমদানি করি। অনেক গার্মেন্টস পণ্য তো সাভারেই তৈরি হয়। আমাদের দেশ থেকেও বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। হাইকমিশনার হিসেবে আমি চাইব, এ ক্ষেত্রটা আরও বড় ও সুন্দর হোক। আমি সেদিকে খুব ভালো করে লক্ষ রেখেছি। আমাদের সম্পর্কের সত্যিই ভালো একটি ভিত্তি আছে।’
এর আগে বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। ডিকসন স্মৃতিসৌধ ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন প্রমুখ।
মির্জাপুরে দুর্গাপূজায় চার দেশের রাষ্ট্রদূত : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এখানকার সবাই এ উৎসবটি নিজের মনে করে নিয়েছে। তিনি গতকাল রাত ৮টায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজাম-প পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙঙ্গ আলাপকালে এ কথা বলেন।
ডিকসন বলেন, ‘দানবীর রণদা প্রসাদ সাহার মৃত্যুর পরও তার স্থাপিত কুমুদিনী হাসপাতালসহ অন্যান্য স্থপনার মাধ্যমে সারা দেশের মানুষ সেবা পাচ্ছে। যার সুনাম দেশে ছড়িয়ে আছে।’
ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও গতকাল অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেমেরি ব্রুরার, নরওয়ের রাষ্ট্রদূত নারদিয়া সিম্পসন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালসহ দেশি-বিদেশি অতিথিরা পূজামন্ডপ পরিদর্শন করেন।
কুমুদিনী চত্বরে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবদুল হালিম। এ সময় তারা কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনীর নানা স্থাপনা ঘুরে দেখেন।