ট্রেন ভ্রমণ নিরাপদ করতে বিট পুলিশিং কার্যক্রম

আজ চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় হাজিগঞ্জ রেলওয়ে স্টেশন, কুমিল্লা রেলওয়ে স্টেশন, ফেনী রেলওয়ে স্টেশন, চৌমুহনী রেলওয়ে স্টেশন ও লাকসাম রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক হওয়া, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ ও ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে জনসচেতনতামুলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্টেশনের আশপাশে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে আগত ট্রেনের জন্যে অপেক্ষমাণ যাত্রীগণ উপস্থিত ছিলেন।

সভায় ট্রেনে ভ্রমণরত অবস্থায় অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে রক্ষার জন্য অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার, পানীয় বা কোনো কিছু না খাওয়ার পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে ও ইঞ্জিনে আরোহন করা থেকে বিরত থাকতে, বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে ওঠানামা করতে, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে, টিকেট কালোবাজারিদের হতে টিকেট ক্রয় না করতে, নিজের আশপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করতে, টিকেট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করতে, দুষ্কৃতকারী কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাত হতে নিজেকে রক্ষার জন্য ট্রেনের জানালা বন্ধ রাখতে সকলকে অনুরোধ করা হয়।

এ ছাড়াও প্রতিদিন প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় সকল ট্রেনের যাত্রীদের ট্রেন ভ্রমণের সময় অপরিচিত কারো নিকট হতে কোনো কিছু না খাওয়ার জন্য হেঁটে হেঁটে মাইকিং করে পরামর্শ প্রদান করা হয়।