বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে নদীতে। তবে সেতুর একটি অংশ বাল্কহেডের ওপর পড়লে কেউ হতাহত না হলেও বাল্কহেডটি আটকে যায়। 

বুধবার (৫ অক্টোবর) রাতে সেতুটি ভেঙে পড়ার বিষয়টি শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। 

উপজেলার জিংলাতুলি ইউনিয়নের ছান্দ্রা ও গলিয়ারচর সংযোগ সড়কের কালাডুমুর নদের উপর ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। সেতুটি পড়ার ফলে কয়েকটি গ্রামের সড়ক ও নৌ পথের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান দেশ রূপান্তরকে  বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী আশরাফ উদ্দিন খন্দকার বলেন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভেঙে পড়া সেতুর অংশটি অপসারণের কাজ চলছে।