নিখোঁজের ৭ দিন পর ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার সাত দিন আগে নিখোঁজ বুলবুল হোসেন বিজয় (৯) নামে এক স্কুলছাত্রের গলা এবং হাত-পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় উপজেলার বিজয় লক্ষ্মীকোলা গ্রামের ভ্যানচালক শাহিদুল ইসলামের ছেলে। সে লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। জানা গেছে, গত ৫ অক্টোবর বিকেলে গ্রামের অন্য শিশুদের সঙ্গে মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বিজয়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও বিজয়ের খোঁজ পাচ্ছিল না তার পরিবার।

বিজয়ের বাবা শাহিদুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। মঙ্গলবার ভোরে গ্রামের এক ব্যক্তি মাঠে কাজে যাওয়ার পথে লক্ষ্মীকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার চিমনির কাছ থেকে দুর্গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।