চোখে মোটরসাইকেলের আলো পড়ায় ছুরিকাঘাত!

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় রকিব মিয়া (২৫) নামে তরুণকে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রকিব। পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়া নিয়ে তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন চিৎলিয়া গ্রামের জামাল মিয়া (৩০)। একপর্যায়ে ক্ষুব্ধ জামাল রকিবের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে রকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকিবকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শুক্রবার দুপুরে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, ‘মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়ায় এ ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। আহতের চিকিৎসা চলছে।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় আহতের পরিবার থানায় লিখিত অভিযোগ করবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’