সাংবাদিকদের কাদের

বিএনপি ১০ লাখ লোক নামালে ৩০ লাখ নামাবে আ.লীগ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় বিএনপি ১০ লাখ মানুষের জমায়েত করলে আওয়ামী লীগ ৩০ লাখ জমায়েত করবে। গতকাল রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সমাবেশে বিএনপির লোক দেখে আমরা ভয় পাই না। তারা যত লোক টার্গেট দেয় তত লোক কী হবে? অনেকে অনেক কথা বলেছে, ৩০, ৩৫ বা ৫০ হাজার লোক হয়েছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বলেছি, লাখের কাছে লোক হয়েছে। সত্যকে আড়াল করে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন? এটা আওয়ামী লীগের বহু লোক স্বীকার করতে চাইবে না, বলবে ৩০ হাজার, ২৫ হাজার হয়েছে।’ 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা শুধু বিএনপিকে বলি শান্তিপূর্ণ থাকেন; ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসাতে পারি। কিন্তু যানজটের কী অবস্থা হবে?’ অভাব ও কষ্টে রয়েছে এ ধরনের কিছু মানুষ বিএনপির সভা-সমাবেশে অংশ নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

বিএনপি কাঁধ থেকে তত্ত্বাবধায়কের ভূত কেন নামাতে পারছে নাÑ এ প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে? দেশে সংবিধানসম্মত উপায়েই নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’

তিনি বলেন, ‘মানুষ কষ্টে আছে, এটাও ঠিক। তবে একজন মানুষও না খেয়ে কষ্টে মারা যায়নি। এর মধ্যেই চলতে হবে। দেশের রিজার্ভ নিয়ে খুব চিন্তিত নই। বর্তমানে যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব। আমাদের খাদ্যেও তেমন সমস্যা নেই। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি দেশে চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তাদের আন্দোলন দেখে সরকারের মাথা ঠিক আছে। বিএনপিকে বলব, আপনাদের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ করে আবার পেট্রোলবোমা নিয়ে নামবেন, আমরা তো সেই ভয় করছি।’

চলতি অক্টোবর মাসে সারা দেশে ১০০টি সেতু চালু হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে।