কুষ্টিয়ায় বাস উল্টে ২ কলেজ ছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ার শহরতলী মঙ্গলবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাস উল্টে দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।

মৃত রুসনা খাতুন (১৮) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের আব্দুল আজিজের কন্যা এবং কুষ্টিয়া সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। একই এলাকা ও কলেজের অপর ছাত্রী হলেন জাহিদুল ইসলামের মেয়ে যুথি খাতুন (১৮)।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আলীম জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ ১১ -১৫০৩)  নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক দ্বীপে তুলে দেন।

এ সময় গতি বেশি থাকায় বাসটি রাস্তার উপরই উল্টে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধারকালে ঘটনাস্থল থেকে দুই কলেজ ছাত্রীকে অচেতন  এবং অপর একজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজন অচেতন ছাত্রীকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত অজ্ঞাত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, যাত্রীবাহী বাস উল্টে দুই কলেজ ছাত্রীর মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।