সড়কে গাছ ফেলে ডাকাতি: গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সড়কে গাছ ফেলে একাধিক ডাকাতির ঘটনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, নগদ ৫৩ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত মাস ও তার আগে পর পর কয়েকবার সড়কে গাছ ফেলে সিএনজি, মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে হাত-পা বেঁধে যাত্রীদের ও চালকদের জখম ও ভয়ভিতি দেখিয়ে ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লুণ্ঠিত নগদ ৫৩ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে কয়েকটি জেলায় একাধিক মামলা রয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- বশির আহমেদ (৩৫), মো. আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (৩০), আব্দুল মালিক (২৮) ও আরিফ মিয়া (৪২)। এদের মধ্যে মূলহোতা বশির আহমেদ ও আবুল হোসেনকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে। গ্রেপ্তার সবুজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে। ডাকাতদলে ১৫ সদস্য রয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু নাসের মোহাম্মদ রিকাবদার, জেলা পুলিশ বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।