চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে হাঁস, মুরগি ও মাছের খাদ্য। অনুমোদনহীন এ কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর চারদিকে ঘুরছে ইঁদুর, তেলাপোকা। এসব খাদ্য মাছ ও মুরগিকে খাওয়ানো হলে তা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চরপাথরঘাটা এলাকায় হাক্কানি করপোরেশন লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো.মামুনুর রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পিযুষ কুমার চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী হাকিম পিযুষ কুমার চৌধুরী বলেন, হাক্কানি করপোরেশন লিমিটেড অনেক বড় প্রতিষ্ঠান। তারা প্রতিদিন শত শত বস্তা মাছ ও মুরগির খাদ্য তৈরি করছে। কিন্তু এ কারখানার খাদ্য প্রক্রিয়াকরণের অবস্থা খুব খারাপ। ভেতরে চারদিকে ঘুরছে ইঁদুর, তেলাপোকা। বিক্রির উদ্দেশে মজুদ করে যে খাদ্য বস্তায় রাখা হয়েছে সেখানেও মিলেছে পঁচা খাদ্য। এভাবে খাদ্য তৈরির ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
এছাড়া প্রতিষ্ঠানটির প্রাণিসম্পদ ও মৎস্য অধিদফতরের অনুমোদন নেই। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ, মৎস্য ও পোল্ট্রি ফিড উৎপাদন এবং প্রক্রিয়াকরণ আইন না মেনে এভাবে প্রতিষ্ঠানটি চালু রাখা হলে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।