অনন্ত-বর্ষার বহুল আলোচিত সিনেমা 'দিন : দ্য ডে' নির্মিত হয়েছিল বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। গত কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পর অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
পরবর্তীতে এমন অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেন অনন্ত জলিল। এতেও থামেননি ইরানি নির্মাতা। আর তাই এবার আইনি পদক্ষেপ নিলেন অনন্ত জলিল। মুর্তজা অতাশ জমজমকে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি।
আজ শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আইনি নোটিশের ছবি পোস্ট করে অনন্ত জলিল লেখেন, এই মিথ্যাচারের জন্য মুর্তজাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতেই হবে এবং এর সঙ্গে জড়িত বাংলাদেশি দুষ্কৃতকারীদেরও কিছুতেই ক্ষমা করা হবে না।
গত কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত আমাদের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’ দিয়ে সিনেমাহলে দর্শক ফিরেছে, এটা সবাই অবগত আছেন। ঈদের পর ঢাকাই সিনেমার যে আলোচনা এবং সিনেমাহলে দর্শকের যে জোয়ার সৃষ্টি হয়েছিল সেটাও ‘দিন: দ্য ডে’ সিনেমার বদৌলতে বলে আমি মনে করি। যার কারণে ঈদ এবং তৎপরবর্তী আরও কিছু সিনেমার প্রতি দর্শকরা আকৃষ্ট হয়েছেন। ঢাকাই সিনেমার এই আলোচনা ও বাজার তৈরি কারও কারও মনে হিংসার উদ্রেক ঘটিয়েছে। তারা চেষ্টা করছে কীভাবে ঢাকাই সিনেমার এই জোয়ার থামিয়ে দেয়া যায়।
সেসব দুস্কৃতিকারী, দেশবিরোধী চক্রের উস্কানি ও সহযোহিতায় এবং তাদের চক্রান্তে কিছু দিন আগে ‘দিন: দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ‘দিন: দ্য ডে’ সিনেমার নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে, যা দেশের কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব মিথ্যা, বানোয়াট তথ্যের বিপরীতে আমি আসল সত্য তুলে ধরে বিস্তারিত তথ্যও তখন জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে। পাশপাশি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করে আমাকে হেয় প্রতিপন্ন করা, আমার সম্মানহানি করা, আমাদের প্রিয় বাংলাদেশকে ছোট করে দেখা- এসব কারণে আমি আমার আইনজীবীর মাধ্যমে মুর্তজা অতাশ জমজমকে গত ০৪-০৯-২০২২ ইং তারিখে উকিল নোটিশ পাঠাই। তিনি অদ্যাবধি সেটার কোনো উত্তর দেননি।
আমি একজন সহনশীল মানুষ। সর্বোচ্চ ধৈর্য দেখিয়ে বিষয়টি নিয়ে তারপর থেকে আমি চুপ ছিলাম। কিন্তু আজ আবার লক্ষ্য করলাম, মি. মর্তুজা আবারও সেসব দেশবিরোধী দুষ্কৃতিকারীর সঙ্গে হাত মিলিয়ে আমার সম্মানহানি করার জন্য ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশের দৈনিক পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট খবর প্রকাশ করেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করব। পাশাপাশি যারা দেশে বসে একজন বিদেশীকে দিয়ে এভাবে আমাদের সম্মানহানি করছে, দেশি সিনেমা, সর্বোপরি বাংলাদেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব। আমি দেশি এবং আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
এর আগেও, ইরানি নির্মাতার অভিযোগ নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন অনন্ত জলিল। সেখানে তিনি পুরো বিষয়টির স্পষ্ট বর্ণনা করেন।