সড়কে প্রাণ গেল ৬ জনের

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটের জকিগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বাংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জকিগঞ্জ উপজেলার দেওয়ানচক গ্রামের আবদুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (২০) ও একই উপজেলার সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২২)। তাদের মধ্যে মুক্তার হোসেন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং ইমন পেশায় কাঠমিস্ত্রি।

জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, গভীর রাতে সিলেটগামী দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুক্তার ও ইমন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত সিলেটের দিকে চলে যায়। ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। ওসি আরও জানান, নিহত দুই তরুণের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১২ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে বগুড়ায় ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ১২ নম্বর সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে গুরুতর দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন মিল শ্রমিক কুলসুম  বেগম (৫৫) ও লেগুনাচালক ফেরদাউস (২৬)। কুলসুম সাতগ্রামের টোকপাড়া গ্রামের লোকমান মিয়ার স্ত্রী এবং ফেরদাউস পুরিন্দা গ্রামের মৃত বাতেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দুর্ঘটনাপ্রবণ এলাকা পাঁচরুখী বাজার এলাকায় নরসিংদী থেকে ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গাউছিয়া থেকে নরসিংদীগামী একটি শ্রমিক পরিবহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পড়ে যায় খাদে। ঘটনাস্থলেই নিহত হন লেগুনার যাত্রী কুলসুম বেগম এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান লেগুনাচালক ফেরদাউস। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।