সয়াবিন তেল আমদানি সহযোগিতা দেবে প্যারাগুয়ে

প্যারাগুয়ে থেকে সরাসরি বাংলাদেশে সয়াবিন তেল আমদানি করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলিও সিজার অ্যারিওলা রামিরেজ। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার অনুরোধে এ আশ্বাস দেন তিনি। গতকাল শুক্রবার ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

প্যারাগুয়ে থেকে সয়াবিন তেল আমদানিতে ভারতের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২০-২১ সালে বাংলাদেশ প্যারাগুয়েতে প্রায় ৩৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে, ২০২১-২২ সালে এটি ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ লাখ ডলারে পৌঁছায়।

প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী রামিরেজের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত ফয়জুননেসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের শুভেচ্ছা জানান। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নের চিত্র এবং বিভিন্ন অর্জন তুলে ধরেন। রাষ্ট্রদূত এ সময় জাতিসংঘের বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন ফোরামে বাংলাদেশ ও প্যারাগুয়ের সহযোগিতার ক্ষেত্রগুলোও চিহ্নিত করেন।

বাংলাদেশকে একটি প্রগতিশীল দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় ক্ষেত্রেও বাংলাদেশ ও প্যারাগুয়ে উন্নয়ন-সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী রামিরেজ গার্মেন্টস শিল্পে বাংলাদেশকে প্যারাগুয়েতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন।

এর আগে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা আসুনসিয়নের লোপেজ প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের কাছে পরিচয়পত্র পেশ করেন। প্রেসিডেন্ট বেনিতেজ পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান। রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দক্ষিণ আমেরিকার একমাত্র দূতাবাস ব্রাসিলিয়াতে নিযুক্ত থেকে সাদিয়া ফয়জুননেসা অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে প্যারাগুয়ের সমবর্তী দায়িত্ব পালন করবেন।

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট বেনিতেজের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও অর্জিত বিভিন্ন উন্নয়ন মাইলফলক অবহিত করেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করতে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রেসিডেন্ট বেনিতেজ।

প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক ও ওশেনিয়া ডিভিশনের পরিচালক ফ্রান্সিসকো রবার্টির সঙ্গে আলাদা বৈঠকে রাষ্ট্রদূত প্যারাগুয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনবিষয়ক সমঝোতা স্মারকের প্রস্তাব দেন। তিনি বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি, গার্মেন্টস ও নিটওয়্যার, প্লাস্টিক ও চামড়াজাত পণ্যে সম্ভাবনাময় প্যারাগুয়ের বাজার সম্প্রসারণের জন্য কাজ করার আগ্রহের কথাও জানান।

রাষ্ট্রদূত ফয়জুননেসা ফরেন ট্রেড ও মারকসুরের মহাপরিচালক আলবার্তো কাবালেরো এবং ফরেন ট্রেড ও ইনভেস্টমেন্টের পরিচালক সান্তিয়াগো ব্লাসেরের সঙ্গে দক্ষিণ আমেরিকার মুক্তবাণিজ্য জোট ‘মারকসুরে’ বাংলাদেশের আগ্রহ ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন।