‘খাওয়া ভবন’ করে জনগণের টাকা গিলে খাওয়া দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বচোর উপাধি পাওয়া বিএনপির এখন বড় গলা এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘সরকার রিজার্ভ গিলে খেয়েছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘চোরের মায়ের বড় গলা প্রবাদের মতো এখন বিশ্বচোরদের গলা বড়। বিএনপি দেশকে চারবার একক ও একবার যৌথভাবে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বচোর উপাধি পেয়েছিল। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা, এখন বিশ^চোরদের মুখপাত্র হচ্ছেন তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।’ খবর বাসস।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা হাওয়া ভবন বানিয়েছিলেন। হাওয়া ভবন তো আসলে একটা “খাওয়া ভবন” ছিল। কারণ জনগণের টাকা ওখানে খাওয়া হতো। হাওয়া ভবনে বসে জনগণের সমস্ত ব্যবসা, সমস্ত প্রজেক্টের ওপর টোল বসিয়েছিল এবং জনগণের টাকাটাই গিলে খেত তারা।’ যারা জনগণের টাকা আগে গিলে খেয়েছে, তারা শুধু খাওয়ার কথাই চিন্তা করে বলেই মির্জা ফখরুল গতকাল এমন বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন সম্প্রচারমন্ত্রী।
বিশ্ব পরিস্থিতির কারণে, দেশে নানা ধরনের বিনিয়োগের কারণে এবং রিজার্ভ থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গঠনের কারণে সেটা ৩৭ বিলিয়নে নেমেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এখনো বিজার্ভ বিএনপির সময়ের তুলনায় ১২ গুণ বেশি।’
খুলনার পর বিএনপির রংপুর ও বরিশালের সমাবেশের আগেও পরিবহন ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বিএনপির জ্বালাও-পোড়াওয়ের ঘটনাগুলো সামনে আনেন। তিনি বলেন, তারা শত শত গাড়ি-ঘোড়া পুড়িয়ে দিয়েছে, শত শত মানুষ হত্যা করেছে। এ জন্য এখন পরিবহন মালিক-শ্রমিকরা শঙ্কিত। ফলে বিএনপি যেখানেই সমাবেশ ডাকে, সেখানেই তারা ধর্মঘট ডাকছে।
ধর্মঘট ডাকা মালিকদের মধ্যে বিএনপির সদস্যরাও আছেন তা তুলে ধরে মন্ত্রী বলেন, পরিবহন মালিক নেতা এবং সমিতির সদস্যদের মধ্যে বিএনপিসহ সব দলের মানুষ আছে। বিএনপি নেতা শিমুল বিশ্বাস পরিবহন নেতা বলেও উল্লেখ করেন তিনি।