সিউলের হ্যালোউইন ফেস্টিভ্যালে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি জি হান-এর। অভিনেতার এজেন্সি নাইন থার্টি ফাইভ এন্টারটেইনমেন্ট ওই খবর নিশ্চিত করেছে।
পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ১৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছৈ। প্রয়াত অভিনেতার এজেন্সি জানায়, তারা আশা করেছিলেন খবরটি মিথ্যা। কিন্তু, পরে তারা জানতে পারেন গত ২৯ অক্টোবর সিউলে হ্যালোউইন ফেস্টিভ্যাল চলাকালীন সত্যিই পদপিষ্ট হয়ে মৃ্ত্যু হয় অভিনেতা লি জি হান-এর।
ঘটনায় নাইন থার্টি ফাইভ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। অভিনেতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানানো হয়।
২৪ বছর বয়সী হানের সহ অভিনেতারা আগেই ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবর শেয়ার করেন। জি হান চিরবিদায় নিয়েছেন বলে জানান কোরিয়ান অভিনেতা পার্কি হি সিওক, কিম ডো হিউন এবং চো জিন হিউং। দক্ষিণ কোরিয়ার জনগণকে প্রয়াত অভিনেতাকে শেষ বিদায় জানানোর আবেদন করেন তারা।
উল্লেখ্য, গত শনিবার রাতে সিউলের হ্যালোউইন ফেস্টিভ্যালে পদপিষ্ট হয়ে অন্তত ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হতাহতদের বেশির ভাগই কিশোর এবং তরুণ। স্থানীয়দের পাশাপাশি পদপিষ্ট হয়ে অন্তত ২৬ জন বিদেশি নাগরিকেরও মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মৃতরা আমেরিকা, চীন, ইরান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া, ভিয়েতনাম, কাজাখস্তান এবং উজবেকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, সিউলের ওই এলাকায় হ্যঅরোউইনের দিন ভিড় থাকেই। কিন্তু ঘটনার দিনের মতো ভিড় এর আগে কখনো হয়নি বলে দাবি তাদের।
কভিড অতিমারির পর সিউলে বড় করে হ্যালোউইন ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। আনন্দে শামিল হতে শহরে জড়ো হয়েছিলেন অন্তত হাজার দশেক মানুষ। সরু রাস্তায় হ্যালোউইনের পার্টির আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। আচমকাই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
এদিকে সিউলের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সরকারের পক্ষ থেকে জাতীয় শোক ঘোষণা করা হয়। অভিনেতা লি জি হানের মৃত্যু ঘটনায় বেশ কয়েকটি শো স্থগিত ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই দেশের পপ তারকাদের পক্ষ থেকে। উৎসবমুখর শহর থেকে ভয়াবহ ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট জানা যায়নি। সূত্র : পেপ পিএইচ