শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক সাদেককে হত্যার প্রতিবাদ এবং হত্যাকা-ের দুই মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যা ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন খুন হওয়া সাদেকের ছেলে ও এ হত্যা মামলার বাদী আল আমীন।
গতকাল শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের প্রত্যন্ত চরদুবলাই গ্রামের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
চরদুবলাই গ্রামের প্রয়াত রহিম রহিম উদ্দিনের দুই ছেলে সাদেক আলী (৬২) ও চাঁন মিয়ার (৫২) মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৭ আগস্ট সকালে বিরোধপূর্ণ জমি চাষ করতে যান কৃষক সাদেক আলী। এ সময় প্রতিপক্ষের হামলায় সাদেক আলী আহত হন। ২৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় সাদেক আলীর ছেলে বাদী হয়ে ১ সেপ্টেম্বর সদর থানায় হত্যা মামলা করেন। মামলার আসামিরা জামিন পাওয়ার পর থেকে প্রকাশ্যে বাদী এবং তার বোন ও বোনের স্বামীসহ অন্য আত্মীয়স্বজনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে বলে মানববন্ধনে অভিযোগ করেন তারা।
শেরপুর সদর থানার ওসি বশির আহমদ বাদল জানান, আসামিরা বাদীপক্ষকে হুমকি দিচ্ছে এ বিষয়ে তারা থানায় জানায়নি এবং থানায় জিডিও করেনি।