বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন(১৭) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রবিন গোদারপাড়া উত্তরপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। 

এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা।

একাধিক সূত্রে জানা যায়, বাড়ি থেকে গোদারপাড়া রবিন তার বাবার মুদি দোকানে যাচ্ছিল। মাদকাসক্ত কয়েকজনের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মাদকাসক্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে ইন্সপেক্টর সুজন মিঞা আরও বলেন, ঘটনার পরপরই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে সদর থানা পুলিশের একাধিক দল কাজ করছে।