শারীরিক অবস্থার অবনতি ঘটায় গায়ক আকবরকে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আকবর। এর পর নানা জটিলতার কারণে গত ১৬ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। তার স্ত্রী জানান, অপারেশন শেষে তাকে ১৯ অক্টোবর বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর এক সপ্তাহ মোটামুটি সুস্থ ছিলেন। দু-তিনদিন ধরে আবার অসুস্থ হয়ে পড়ায় সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, সকালে প্রথমে তাকে কিডনি হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দীতে নেওয়া হয়। কিন্তু সিট সংকটের কারণে ভর্তি করা যায়নি। অবশেষে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়। শিল্পী আকবরের স্ত্রী কানিজ ফাতেমা আরো জানান, ডাক্তাররা আশঙ্কা করছেন আকবরকে লাইফ সাপোর্টে নিতে হতে পারে।
হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে', 'তোমার হাত পাখার বাতাসে' গানগুলো গেয়ে তুমুল জনপ্রিয় হওয়া শিল্পী আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। গান গাইতে পারেন না। থেমে যায় সংসারের একমাত্র উপার্জনকারী মানুষটির অর্থ যোগানের চাকা।