আনোয়ারা সৈয়দ হকের নতুন বই: স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই

জাগতিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আনোয়ারা সৈয়দ হকের নতুন বই ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’। গত শুক্রবার (৫ নভেম্বর ২০২২) তার ৮২তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশিত হয়।

বইটি সম্পর্কে আনোয়ারা সৈয়দ হক বলেন, স্মৃতিকথার এই বইটি প্রকাশের কথা ছিল গত বইমেলাতে, কিন্তু শেষ পর্যন্ত আরও কিছু লেখা যুক্ত হওয়ায় প্রকাশক ৫ নভেম্বর বইটি প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই বইয়ে আছে আমার শ্রদ্ধেয়-প্রিয় ও ভালোবাসার কয়েকজন মানুষকে নিয়ে স্মৃতিকথা। তাঁরা হলেন, এস এম সুলতান, কাইয়ুম চৌধুরী, কবীর চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী, আনিসুজ্জামান, ফজলে হাসান আবেদ, শামসুর রাহমান, শক্তি চট্টোপাধ্যায়, রফিক আজাদ, আসাদ চৌধুরী, খোন্দকার আশরাফ হোসেন, হাসান আজিজুল হক, হাসনাত আবদুল হাই, রোকনুজ্জামান খান দাদাভাই, আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, সেলিম আল দীন, এস এম সোলায়মান, যতীন সরকার, শান্তনু কায়সার, আবুল হাসনাত, জাকির তালুকদার।

অনুষ্ঠানে প্রকাশিত বইটি সম্পর্কে জাগতিক প্রকাশনের প্রকাশক রহিম রানা বলেন, আনোয়ারা সৈয়দ হক এমন একজন কথাসাহিত্যিক যাকে মূল্যায়ন না করলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে না। ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’ তার স্মৃতিকথার একটি অসাধারণ সংকলন। পাঠক বইটি সাদরে গ্রহণ করবেন- এমনটাই আশা।

আনোয়ারা সৈয়দ হকের ৮২তম জন্মদিনে গত শুক্রবার (৫ নভেম্বর ২০২২) রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন হয়। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কথাসাহিত্যিক পাপড়ি রহমান, কবি দিলারা হাফিজ, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুন, কবি ও কথাসাহিত্যিক মাহবুব আজীজ, কবি তুষার কবির, কবি পিয়াস মজিদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কথাসাহিত্যিক হামিম কামাল।

বই : স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই

লেখক : আনোয়ারা সৈয়দ হক

প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর

প্রকাশক : জাগতিক প্রকাশন

মূল্য : ৩৫০ টাকা