মালদ্বীপে অগ্নিকান্ডে দুই বাংলাদেশিসহ ১১ মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালের এক বাড়ির গ্যারেজে বড় ধরনের অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকি নিহতরা ভারতের নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ায় সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে গতকাল বৃহস্পতিবার ফোন করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।

মালের নিরুফেহিগে এলাকায় গাড়ি মেরামতের একটি গ্যারেজে গত বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মালদ্বীপের গণমাধ্যম আভাসের প্রতিবেদনে জানানো হয়, তিনতলা ওই বাড়িতে মূলত বিদেশিরা বসবাস করতেন, তারা ছিলেন শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের প্রবাসী শ্রমিক। গ্যারেজে আগুন লাগার পর কয়েকজন তাদের ঘরে বা টয়লেটে আটকা পড়েছিলেন।

মিহারু অনলাইন জানিয়েছে, ওই ভবনের বাসিন্দাদের রান্নার জন্য আলাদা গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছিল। অনেক সিলিন্ডার আগুনে বিস্ফোরিত হয়। ভবনটির পাশেই ছিল রাসায়নিকের গুদাম।

দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ইব্রাহিম রাশেদ আভাসকে বলেছেন, ‘কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ওই গ্যারেজে বিভিন্ন ধরনের গ্যাস ছিল, ফলে আগুন নেভানো আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ভেতরে কত লোক ছিলেন তা স্পষ্ট নয়। মৃতের সংখ্যাও বাড়তে পারে।’

ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্র্তৃপক্ষ ওই ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আহতদের মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, ‘মালেতে কোনো কেমিক্যাল ওয়্যারহাউজ থাকা উচিত নয়। গ্যারেজ ও ওয়ার্কশপগুলো সরানো প্রয়োজন।’

মালেতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা : মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ফোনে পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে। এসময় ড. মোমেন নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। ড. মোমেন এ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মালদ্বীপের সংবাদমাধ্যম সান-এর তথ্যমতে, বুধবার স্থানীয় সময় রাত ১২টার দিকে মালের মাফান্নু এলাকার একটি গ্যারেজে আগুন লেগে দুই বাংলাদেশিসহ ৯ জন ভারতীয় নাগরিক নিহত হন। ভবনটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার কর্মীরা থাকতেন।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনাস্থলসহ মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান।