মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল শনিবার তিনি জাদুঘরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, ১৯৭১ সালের চিরন্তন বন্ধন আমাদের দুই দেশকে একত্রিত করে।
গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব নিয়ে ঢাকায় আসেন প্রণয় ভার্মা। ঢাকা এসেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানম-ি ৩২ নম্বরে যান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। ওই সাক্ষাৎকালে হাইকমিশনার ভার্মা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তাৎপর্যের কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করার জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। ১৯৯৪ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।