মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ নয় এশিয়ার সব দেশেই ডেঙ্গু রোগী বেড়েছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু কেবল বাংলাদেশেই নয়, এশিয়া মহাদেশের সব দেশেই রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগপ্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আশপাশের এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। প্রয়োজনে স্প্রে করতে হবে। পৌর এলাকায় ড্রেন ও নর্দমায় বেশি করে স্প্রে করা দরকার।

গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত টিসিবির বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম তিনগুণ বেড়েছে। পৃথিবীতে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববাজারে সব দেশকেই চড়ামূল্যে খাদ্যদ্রব্য কিনতে হচ্ছে। তাই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।’

তিনি আরও বলেন, ‘তেল ও পেট্রোলের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ খরচ বেড়েছে, কৃষকের সারে দাম বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। ঝড়-বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। আবার পৃথিবীর কোনো কোনো দেশে খরাও হচ্ছে। যার প্রভাব পড়েছে পণ্যসামগ্রীতে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকার লাখ লাখ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার উদাহরণ এই টিসিবি। টিসিবির মাধ্যমে প্রায় সাড়ে সাতশ টাকার পণ্য ক্রয় করতে পারবেন মাত্র সাড়ে চারশ টাকার বিনিময়ে। সারা দেশেই এই কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল উপস্থিত ছিলেন। জেলায় ২২ হাজার ২৪০ জন টিসিবির পণ্যের কার্ডধারী রয়েছেন।

এছাড়া মন্ত্রী গড়পাড়া ইউনিয়ন পরিষদ কর্র্তৃক স্থানীয় জনগণের সুবিধার জন্য একটি গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন।