আটাবের পর্যটন মেলা ১ ডিসেম্বর থেকে শুরু

তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই) শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত এই পর্যটন মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মেলা হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় আটাব ও দেশের নতুন অভ্যন্তরীণ এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রার মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি সই হয়।

আটাবের পক্ষে সংগঠনের মহাসচিব আবদুস সালাম আরেফ এবং এয়ার অ্যাস্ট্রার পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এক্সপো প্রাঙ্গণের সব ব্র্যান্ডিং ও টাইটেল স্পন্সর হিসেবে এয়ার অ্যাস্ট্রা বিশেষ সুবিধা ভোগ করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আটাব সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব)। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু কার্যক্রম যেমন প্রোডাক্ট ব্র্যান্ডিং, বিদেশি মুদ্রা অর্জনে দেশের পর্যটন সেবার মানোন্নয়ন ও বিক্রির বাজার সৃষ্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন শিল্পের প্রচার-প্রসার, ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রদর্শনীর পরিকল্পনার কথা তুলে ধরেন।

আটাব সভাপতি বলেন, আটাব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পর্যটনের প্রসারে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবেই বিআইটিটিই আয়োজন করতে যাচ্ছে আটাব। মেলায় ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটানের ট্যুরিজম বোর্ডের উচ্চপদস্থ কর্তারা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে ইউএস বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) কামরুল ইসলাম, আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফ, সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, উপ-মহাসচিব গোলাম মাহমুদ ভুইয়া মানিক, অর্থ সচিব আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।