জামালপুরে প্রাইভেটকার চাপায় নিহত ১

জামালপুরের বকশিগঞ্জে প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় পৌর শহরের কামারপট্টি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস সকালে কামারপট্টি মোড়ের বসে ছিলেন। একজন নারী সাদা রঙের প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে চাপা দেয়।

পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ওই নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে।

বকশিগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে।

গাড়ি চাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।