মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রামের ভাঙ্গাব্রীজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে হামলার সময় প্রতিপক্ষ বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করেছে।
আহতদের মধ্য থেকে কুপিয়ে জখম হওয়া তিনজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আলেক শেখের ছেলে নাসির শেখ (৩৮), আব্দুল গণি খানের ছেলে কুদ্দুস খান (৪০), জাকির মাতুব্বরের ছেলে জুবায়ের (৩৫)।
স্থানীয়, আহত, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের স্থানীয় গিয়াসউদ্দিন হাওলাদার ও শাহ-আলম মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রাতে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে আসার সময় শাহ-আলম মাতুব্বরের সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন হাওলাদারের সমর্থকরা। এতে ৫ জন আহত হয়।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব বলেন, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ৪জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।