কৃষকদের জেলে পাঠাচ্ছে সরকার : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বড় ঋণখেলাপিদের ধরতে না পারলেও ক্ষুদ্রঋণ নিয়ে তা শোধ করতে না পারায় কৃষকদের জেলে পাঠানো হচ্ছে।

গত বৃহস্পতিবার পাবনার ঈশ^রদী উপজেলায় ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় ১২ জন কৃষককে জেলে পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আজ কৃষকরা নিগৃহীত। তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করছেন। কিন্তু ন্যায্যমূল্য পাচ্ছেন না। এরপরও তাদের ওপর চলছে সীমাহীন জুলুম ও অত্যাচার। কৃষকরা এখন অভাব ও দেনার দায়ে জর্জরিত। ক্ষোভ-হতাশা ও বঞ্চনার কারণে তাদের কেউ কেউ আত্মহত্যাও করছেন। এরই মধ্যে পাবনার ঈশ^রদী উপজেলায় ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ৩৭ জন কৃষকের নামে দায়েরকৃত মামলায় ১২ জন কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নেত্রকোনার বারহাট্টা উপজেলার দলীয় কার্যালয়ে কৃষকদলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে হামলা করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল আলমসহ কৃষকদলের অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার বিরোধীদলহীন রাষ্ট্রব্যবস্থা কায়েমের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘকাল ভোগ করার বাসনায় লিপ্ত। এজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাগামহীনভাবে বাধা প্রদান করছে। সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুরুতর আহত, বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার এবং বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ প- করাকে নিত্যদিনের স্বাভাবিক কর্মকা- হিসেবে গণ্য করছে। তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনস্বার্থের কোনো দাবি বা অধিকারকে পরোয়া করে না। সরকার তাদের কৃতকর্মের জন্য এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন। তবে শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না, ন্যায়সংগত আন্দোলনকে দমাতে পারবে না। সরকারের পতন অনিবার্য।’

এছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আলাদা বিবৃতিতে নেত্রকোনায় কৃষকদলের উদ্যোগে কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিতরণের শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।