শাজাহান খানকে কাদের

বিএনপির সমাবেশের আগে ধর্মঘট দেবেন না

সাবেক মন্ত্রী শাজাহান খান ও পরিবহন শ্রমিকদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ডিসেম্বরে সমাবেশের আগে-পরে আপনারা পরিবহন ধর্মঘট দেবেন না। তারপরও দেখবেন তারা তিন দিন আগে থেকেই ঢাকায় হাঁড়িপাতিল ও মশার কয়েল নিয়ে অবস্থান নেবে।’

গতকাল সোমবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ডিসেম্বরে খেলা হবে। এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। ১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন আর হবে না। সুষ্ঠু ভোট হবে। শেখ হাসিনা নির্বাচনের সময় রুটিন দায়িত্ব পালন করবেন। সে সময় একটা নিরপেক্ষ ভোট হবে। নির্বাচন সামনে রেখে মারামারি করবেন না। আপনারা উসকানি দেবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মাঠ ছেড়ে দেয় নাই।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনার বাড়ি তো ঠাকুরগাঁওয়ে। সমাবেশ কাকে বলে তা আজ দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সমাবেশ দেখে যান। আপনারা কথায় কথায় বলেন আপনাদের সমাবেশে ঢল নেমেছে। কথায় কথায় বলেন, তরঙ্গ নেমেছে। কিন্তু ঢল কাকে বলে, নদী আর সাগরের তরঙ্গ কাকে বলে তা আজ দিনাজপুরে আপনি দেখে যান।’ 

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সবাই দলকে এক করে রাখুন। ঐক্যবদ্ধ রাখুন। ত্যাগী নেতাদের গুরুত্ব দেন। বসন্তের কোকিলদের গুরুত্ব দেবেন না। বিপদের সময় বসন্তের কোকিলদের লাইট জ¦ালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ত্যাগীদের সে সময় খুঁজে পাবেন। নিজেদের লোক বানাবেন না। নিজেদের লোক ঠিক থাকে না। চেয়ার পড়ে গেলে কেউ সালাম দেবে না।’

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সাধারণ সম্পাদক মিতা : দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন আলতাফুজ্জামান মিতা।

গতকাল বিকেলে কাউন্সিল শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন।

এ সময় তিনি সহসভাপতি হিসেবে আজিজুল ইমাম চৌধুরী, তৌহিদুল হক সরকার ও শাহ ইয়াজদান মার্শাল এবং যুগ্ম সম্পাদক পদে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন রমেশ চন্দ্র সেন।