মির্জা ফখরুল বললেন

নির্যাতনের জবাব জনগণ আন্দোলনের মাধ্যমেই দেবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অত্যাচার-নির্যাতনের জবাব জনগণ আন্দোলনের মাধ্যমে দেবে।’ গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খানের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের সান্ত¡না জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান খান।

তার মৃত্যুতে দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হবে এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে চলমান আন্দোলনে ইতিমধ্যে আমাদের ৭ জন নেতা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আর দুজন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। আর আজকে তাদের নির্যাতনে একজন সাবেক সংসদ সদস্যের জীবন চলে গেল। এই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শাহজাহান খানের মৃত্যুর পরিশোধ নিতে সক্ষম হব, জনগণ এর উপযুক্ত জবাব দেবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজীবন সংগ্রামী-ত্যাগী রাজনৈতিক  নেতা শাহজাহান খানের মৃত্যু জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে দক্ষিণাঞ্চলের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।’

নয়াপল্টনে জানাজা : দুপুর ২টার পর নয়াপল্টনে শাহজাহানের মরদেহ আনা হয়। সেখানে দলের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তার মরদেহ পটুয়াখালী পাঠানো হয়। 

গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে তেলিখালী এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করেছিলেন তার ছেলে শিপলু খান। আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।