ডাকাতের কবলে ডিবির গাড়ি, গুলিবিদ্ধ ১

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের গাড়ি ডাকাতের কবলে পড়েছে। প্রবাসী ভেবে ডিবি পুলিশের একটি হাইয়েস মাইক্রোবাসে হানা দেয় ডাকাত দল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর রাতে নিমসার-কংশনগর সড়কের আবিদপুর-কাকিয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য জানান ডিবির ওসি রাজেশ বড়ুয়া।

এ সময় ডিবি পুলিশের গুলিতে আবু ইউসুফ (২৯) নামে এক ডাকাত গুরুতর আহত হয়েছে। ইউসুফ উপজেলার হালগাও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ডিবি পুলিশের একটি টহল দল নিমসার বাজার থেকে কংশনগর যাওয়ার পথে আবিদপুর-কাকিয়াচর এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ বিকট আওয়াজ শুনে ড্রাইভার গাড়ি থামায়। এ সময় রাস্তার পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে ৭-৮ জন সশস্ত্র ডাকাত দল গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে।

সে সময় ডিবির অফিসার ও ফোর্স দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে আক্রমণাত্মক হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তখন ডিবি পুলিশও পাল্টা গুলি করলে ডাকাত দল দিক-বেদিক পালাতে থাকে। গুলির আওয়াজ ও পুলিশের বাঁশির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ ধানক্ষেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ নামের একজনকে আটক করে। আটক ডাকাতকে হেফাজতে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়, বলেন ওসি রাজেশ বড়ুয়া।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি ছেনী দা, একটি কিরিচ, একটি লোহার রড, একটি কার্তুজ জব্দ করা হয়। সে সময় ছয় রাউন্ড গুলি বিনিময় হয়। আহত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুটি মামলা হয়েছে।