লিওনেল মেসির বিরুদ্ধে মেক্সিকোর জাতীয় দলের জার্সি অবমাননার অভিযোগ তুলেছিলেন দেশটির বক্সার ক্যানসেলো আলভারেজ। এমন কি মেসিকে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দিয়ে বসেন চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টিনা অধিনায়ক।
বুধবার রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর মেক্সিকোর জার্সি অবমাননা বিতর্ক নিয়ে মুখ খোলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক পরিষ্কার বলে দেন তার কারও কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই।
মেসি বলেন, ‘আমি দেখেছি সে কী বলেছে। তবে আমার মনে হয়, এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। আমার ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি মেক্সিকোর মানুষ, তাদের জার্সি বা কাউকে অসম্মান করিনি।’
সৌদি আরবের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয় দলটি। ম্যাচটা ২-০ গোলে জেতে দুই বারের চ্যাম্পিয়নরা। মেসি নিজে দারুণ এক গোল করেন।
ম্যাচের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আরও নানা কিছুর সঙ্গে মেক্সিকোর একটি জার্সি পড়ে আছে মেসিদের ড্রেসিং রুমে। মেসির ঠিক সামনেই ছিল সেটি। এক পর্যায়ে ওই জার্সিতে পায়ের সামান্য ছোঁয়া লাগে আর্জেন্টাইন অধিনায়কের।
সেই ভিডিও পোস্ট করেই ক্যানসেলো আলভারেজ মেসির বিরুদ্ধে তার দেশের জার্সি অবমাননার অভিযোগ তোলেন।