লিওনেল মেসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সারের দাবি, তার দেশের জার্সি ও জাতীয় পতাকাকে অসম্মানিত করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আগের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারায় খাদের কিনারে চলে গিয়েছিল দুই বারের চ্যাম্পিয়নরা।
মেক্সিকোর বিপক্ষে জয় তাদেরকে শেষ ষোলোর দৌড়ে ফিরিয়ে এনেছে। ম্যাচটির পর ড্রেসিংরুমে বাধভাঙা আনন্দে মাতেন মেসিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই মেসি মেক্সিকোর জাতীয় পতাকা ও জার্সিকে অবমাননা করেছেন বলে দাবি আলভারেজের।
টুইটারে এই বক্সার লিখেছেন, ‘তোমারা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে। আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সিও মেঝেতে পড়ে আছে। মেসির ঠিক সামনেই ছিল সেটা। একটা পর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে আর্জেন্টাইন তারকার। তবে টুইটে যে পতাকার কথা বলেছেন আলভারেজ, ভিডিওতে এমন কিছুই দেখা যায়নি।
