১০ দফা দাবিতে বগুড়াসহ রাজশাহী বিভাগের আট জেলায় বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এই পরিবহন ধর্মঘট চলছে। এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিনে শুক্রবার বগুড়া থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনালের চারমাথায় গিয়ে দেখা যায়, সারি সারি বাস সাজানো। চালক, হেলপার ও কন্ট্রাক্টররা অলস সময় পার করছেন। তারা জানান, ১০ দফা দাবি না মানা অব্দি কোন বাস চলাচল করবে না রাজশাহী বিভাগে। তবে বেশ কিছু বাস রাজধানী অভিমুখে রওনা করেছে বলে জানান তারা।
বগুড়ার শেরপুর থেকে মহাস্থানে আত্মীয়ের ২ ছেলে ও স্ত্রী নিয়ে রওনা দিয়েছেন এনজিও কর্মকর্তা শফিকুল হাসান। কিন্তু শেরপুর থেকে বগুড়া চারমাথায় আসতে গাড়ি বদল করেছেন ৫ বার।
তিনি জানান, শেরপুর থেকে মহাস্থান যেতে ৭০ টাকা জনপ্রতি সর্বোচ্চ খরচ হয়। সেখানে চারমাথা আসতে খরচ হয়েছে প্রায় ১২০ টাকা করে। এখন মহাস্থান যাবেন কিসে চড়ে তা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তিনি। এভাবে আরও অনেকের সঙ্গে কথা হয়।
ভোগান্তিতে থাকা অনেকেই বলছেন, এই ধর্মঘট দাবি আদায় নয়, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ডাকা হয়েছে।