মাদারীপুর সদর ও ময়মনসিংহের ত্রিশালে পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ৩৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাতের পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে। ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে শুক্রবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে বাজারের চালের আড়ত, মুদি দোকানসহ ২৮টি দোকানের মালামাল পুড়ে ছাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলেও আনুমানিক ২৫ মিনিট পর গাড়ি আসে। এতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত এলে এত ক্ষতি হতো না।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ‘পৌর বাজারে পানির কোনো ব্যবস্থা না থাকায় আমাদের গাড়িতে বহন করা পানি ও পাইপ লাগিয়ে অনেক দূরে নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের হিমশিম খেতে হয়।’
এদিকে মাদারীপুর সদরের পুরানবাজারের কাঁচাবাজার এলাকায় শুক্রবার রাত সোয়া ৭টার দিকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।
জানা যায়, একটি কাঁচামালের দোকানে প্রথম আগুনের ঘটনা ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।’