লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিপুল হোসেন (২০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৩টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে বিপুল গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিপুল মারা যান। বিপুল পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান বলেন, শনিবার রাতে গরু পারাপারকারী কয়েকজনের একটি দল বুড়িমারী সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় বিএসএফ সদস্যদের বাধার মুখে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে বিপুল হোসেন গুলিবিদ্ধ হয়। আমি একটু আগে তার বাড়িতে গিয়ে মরদেহ দেখে এসেছি।
বুড়িমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার একরামুল হক বলেন, গুলি করে বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সকালে নিহত বিপুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।