অন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের সমন্বয় করতে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিদেশিরা যা জানতে চায় সেটির জবাব, ভুল তথ্য সংবলিত প্রচারণা ঠেকানো এবং বাংলাদেশের দূতাবাসগুলোকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করাই হবে এ কমিটির কাজ।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সমন্বয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে সভায় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, জাতিসংঘ অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অথবা কোনো দেশ বিভিন্ন ইস্যুতে বা অন্যান্য বিষয়ে জানতে চায়। এসব ইস্যুর জবাব কখনো কখনো সঠিকভাবে উপস্থাপন করা হয় না। সব ক্ষেত্রে আলোচনায় অংশ না নিলেও নতুন টেকনিক্যাল কমিটি কিছু কিছু ক্ষেত্রে জড়িত মন্ত্রণালয় বা বিভাগের সমন্বয় করে উত্তর তৈরি করবে। ওই কমিটির সমন্বয়কারী হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক।
আলোচনার বিষয়ে বৈঠককে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভুল তথ্যের প্রচারণা, বিভিন্ন মামলার অগ্রগতি, আইনের শাসন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানসংক্রান্ত বিষয়, বিদেশিদের সঙ্গে যোগাযোগ সমন্বয়সহ সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বলা হয়, দেখা যায় বিদেশিরা বাংলাদেশে চলমান বিভিন্ন মামলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং অগ্রগতি জানতে চান। তারা অভিযান নিয়ে বেশ আগ্রহ দেখিয়ে থাকেন। সেসব মোকাবিলা করতে টেকনিক্যাল কমিটি অবশ্যই সহায়ক হবে। আবার রাজনৈতিক বা বিভিন্ন পক্ষ নানা সময়ে ভুল তথ্য দিয়ে প্রচারণা চালিয়ে থাকে। এসব বিষয়ে করণীয় ঠিক করতেই বিস্তারিত আলোচনা হয়।