আজ সাপ্তাহিক ছুটি মেট্রোরেলে চাপ কমেছে যাত্রীর

মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি আজ মঙ্গলবার। পূর্বঘোষিত সিডিউল অনুসারে আজ রেল বন্ধ থাকবে। এদিকে যাত্রীর চাপ কমেছে মেট্রোরেলের। গতকাল সোমবার আগারগাঁও এবং উত্তরা উত্তর মেট্রো স্টেশনে তেমনটা ভিড় ছিল না। এতে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা খুব সহজে টিকিট কেটে ট্রেনে চড়েছেন।

মেট্রোরেলের স্টেশন দুটিতে গত চার দিন আগেও ছিল মানুষের উপচেপড়া ভিড়। ভোর থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে গতকাল সকালে স্টেশন দুটিতে গিয়ে বাইরে কোনো লাইনই চোখে পড়েনি। যারা ভ্রমণ করতে আসছেন তারা সরাসরি প্ল্যাটফর্মে ঢুকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। টিকিট সংগ্রহ করে মেট্রো স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং সময় অনুযায়ী ট্রেন আসার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে ভ্রমণ করছেন। আগারগাঁও থেকে মেট্রোরেলে আসা মো. রাকিব বলেন, মেট্রোরেলে আসলাম কিন্তু কোনো ভিড় দেখলাম না। কোনো লাইন ছিল না, সরাসরি প্ল্যাটফর্মে এসে টিকিট কেটে ট্রেনে উঠেছি। ভালোই লাগছে।

সকালে থেকে আগারগাঁও স্টেশন ঘুরে দেখা গেছে, টিকিট কাটতে গিয়ে ইলেকট্রিক ভেটিং মেশিনের এখনো সমস্যা দেখা দিচ্ছে। এখানকার তিনটি মেশিনের মধ্যে একটি সচল। সেটিতে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। অন্যটি বন্ধ আর আরেকটি নেটওয়ার্ক সংযোগ আসা-যাওয়া করছিল।

অন্যদিকে উত্তরা মেট্রো স্টেশনেও ছিল না যাত্রীদের চাপ। অপেক্ষা ছাড়াই টিকিট সংগ্রহ করে মেট্রোরেলে যাত্রা করতে পারছেন যাত্রীরা। স্টেশনটি ঘুরে দেখা গেছে, তিনটি টিকিট কাটার ইলেকট্রিক ভেটিং মেশিনের মধ্যে একটি বন্ধ। আর অন্য দুটি সচল রয়েছে। সেগুলো থেকে যাত্রীরা তাদের গন্তব্যের টিকিট কাটছেন। এছাড়া ম্যানুয়ালি দুটি টিকিট কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়েও যাত্রীদের টিকিট কাটতে দেখা গেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া দেশ রূপান্তরকে বলেন, বাইরে তেমনটা ভিড় না থাকলেও স্টেশনে ভেতরে কিছুটা চাপ দেখা গেছে। তাছাড়া, উত্তরার স্টেশনে প্রথম যাত্রায় ৩ হাজার ৮০০ মতো যাত্রী আগারগাঁও স্টেশনে যাতায়াত করে। আর মঙ্গলবার (আজ) মেট্রো বন্ধ থাকবে বলে জানান তিনি।