ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

আবদুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতাকর্মীর

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে এবার তার নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপি নেতারা এ ঘোষণা দেন। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, উকিল আবদুস সাত্তার বিগত চার বছর সংসদ সদস্য থাকার পরও বিএনপি নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তার ছেলে মঈনুল হক তুষার টিআর কাবিখার নামে লুটপাট করছেন। বিএনপি থেকে পদত্যাগ করে দলীয় সিদ্ধান্ত না মেনে তিনি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সে জন্য তাদের দুজনকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যদি দলীয় নেতাকর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির যৌথ সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপির নেতারা।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার ভূঁইয়া। গত রোববার বিকেলে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র ক্রয় করেন। ওইদিন কেন্দ্রীয় বিএনপিদলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলাপরিপন্থী কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আবদুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

২০১৮ সালের নির্বাচনে আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘আবদুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো আদর্শ নেই, তিনি নষ্ট হয়ে গেছেন।’

এদিকে আবদুস সাত্তারের ছেলে মঈনুল ইসলাম তুষার বলেন, ‘আমার এক আত্মীয় মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমার বাবা নির্বাচন করবেন কি না, এ বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে যদি নির্বাচন করেন তাহলে স্বতন্ত্র থেকে করবেন। তিনি কোনো দলে যোগ দেননি।’