জামালপুরের মেলান্দহে দোকান থেকে নতুন বই কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে উপজেলার বাসুদেবপুর এলাকায় অটোরিকশার সঙ্গে তিন চাকার যান মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় মো. আসলাম (১৮) নামে ওই শিক্ষার্থীর।
এদিকে একই দিন রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গছে। এর মধ্যে নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় নারী, বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক, একই জেলার শেরপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক এবং গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।
মেলান্দহে নিহত মাদ্রাসা শিক্ষার্থী আসলাম জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারী মধ্যপাড়া এলাকার মো. লেবু হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, আসলাম ও তার মাদ্রাসার এক শিক্ষক মেলান্দহ বাজার থেকে বই কিনে ফেরার পথে বাসুদেবপুর এলাকায় অটোরিকশা ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়। মেলান্দহ থানার এসআই রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গাড়িটির চালক পালিয়ে যায়।
বাগাতিপাড়ায় নারীর মৃত্যু : নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মমতা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমতা বেগম পার্শ্ববর্তী রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও বাগাতিপাড়ার চাইপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামনগর বাজার থেকে চাইপাড়া গুচ্ছগ্রামে যাওয়ার পথে আখবাহী একটি ট্রাক্টর পেছন থেকে মমতাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। ভ্যান থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাক্টকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মমতার মৃত্যু হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আদমদীঘিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রাফিউল্লাহ (২৭) নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস সড়কের শখের পল্লী বিনোদন কেন্দ্র গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল্লাহ নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবরামপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের শখের পল্লী গেটের সামনে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেইন্ট্রি-কড়ই গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা চালক জাফর ইকবাল ও হেলপার (বদলি চালক) রাফিউল্লাহ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার শেরপুরে মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোড এলাকায় গাড়িচাপায় তার মৃত্যু হয়। তবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন সরকার।
তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভবঘুরে জীবনযাপন করতেন। হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুরে ছাত্রলীগকর্মীর মৃত্যু : গাজীপুরের শ্রীপুরে জেলা ছাত্রলীগের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রাহাত হোসেন শেখ (২০) নামে এক ছাত্রলীগকর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল সন্ধ্যায় রাজেন্দ্রপুরের সাটিয়াবাড়ি এলাকায় রাজাবাড়ী-কাপাসিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত শ্রীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকার নজরুল ইসলাম শেখের ছেলে। তিনি শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রমহত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান। তিনি জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন রাহাত। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। সহপাঠীরা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
* প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা, উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতারা