ছাপানো কাগজ বেশি সাদা হলে চোখের জন্য ক্ষতিকর : শিক্ষামন্ত্রী

ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, উন্নত দেশে বই ছাপানোর সময় সাদা কাগজে কিছুটা আইভরি রং করে ছাপে, যেন চোখের ক্ষতি না হয়। আর আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো! আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজ প্রিন্ট নয়।

গতকাল বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। পরে তিনি চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করেন।

আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেছেন, না জেনে, না বুঝে একশ্রেণির মানুষ গেল গেল রব তুলছেন। অতিমারী ও বৈশি^ক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা বছরের প্রথম দিন বই উৎসব করতে পেরেছি সেটি একটি বিশাল ব্যাপার। এই অর্জনকে পাশ কাটানোর জন্যই নানান রকম কথা বলা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেছেন, এবার দেশে সেকেন্ডারি পালভ ছাড়া কোনো পালভ ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের হাতে যেই কাগজ ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আগে এক বই একাধিকবার ব্যবহার করা হতো। কিন্তু এখন এক বই এক বছরই পড়ছে শিক্ষার্থীরা। তাই এই বই নিয়ে এমন বড় কোনো অসুবিধা হবে না। আমাদের প্রতিটি বাচ্চা বই পেয়েছে। হয়তো সব বই পায়নি। তবে যেসব বই এখনো বিতরণ করা হয়নি তা কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে গেমসের উদ্বোধন করেন অতিথিরা। পরে থিম সংয়ের সঙ্গে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতায় ৮টি উপজেলা দলের বালক-বালিকা দল ৬টি খেলায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।