দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) ভোর রাত থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আলিম।

তিনি জানান, শনিবার ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহনগুলো অপেক্ষায় থাকবে, সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে বলেও জানান তিনি।