বাবা-নানির সঙ্গে সড়কে প্রাণ গেল সাত বছরের শিশুর

গাজীপুরের শ্রীপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল এক শিশুসহ তিন মোটরসাইকেল আরোহীর। গতকাল বুধবার সন্ধ্যায় মাওনা ইউনিয়নের বদনীভাঙা-শৈলাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুরটির নাম নুসরাত। অন্য দুজন হচ্ছেন নুসরাতের বাবা বাবুল (৩২) ও নানি বাছিরুন বেগম (৫০)। পুলিশ জানিয়েছে, নুসরাত ও বাছিরুনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর কয়েক ঘণ্টা পরে হাসপাতালে মারা যান বাবুল। এদিকে গতকাল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন। সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীপুর প্রতিনিধি জানান, সন্ধ্যার একটু আগে মোটরসাইকেলে করে বাবুল মিয়া তার শাশুড়ি ও মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। একটি পাশর্^ রাস্তা থেকে প্রধান রাস্তায় উঠতে গেলে একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তারা।

 এলাকাবাসী জানান, মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আবদুস সাত্তারের মালিকাধীন ট্রাক সড়কের দুই পাশে জমিয়ে রাখা লাকড়ি ভর্তি করে সামনের দিকে যাচ্ছিল। তিনি এলাকার পরিচিত কাঠ ব্যবসায়ী। বিভিন্ন বাড়ি থেকে কেনা কাঠ রাস্তার পাশে জমিয়ে রেখে পরে ট্রাকে করে নিয়ে দূর-দূরান্তে পাঠিয়ে বিক্রি করেন। আজও লাকড়ি ভর্তি করা হচ্ছিল। একটা স্তূপ থেকে আরেটা স্তূপের দিকে ট্রাক যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় ও বঙ্গবন্ধু সেতু এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার দুপুরে ও বিকেলে দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে তিশা আক্তার (১১) ও বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রেজাউল ও তিশা মোটরসাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলে। এসময় তারা বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে পৌঁছালে একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় তার বাবা রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি গাছভর্তি ট্রাক সল্লা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ নিহত হন।

এদিকে সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (২৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কলারোয়ার যুগিবাড়ী পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। জাকির হোসেন সদর উপজেলার রাজারবাগান এলাকার বাসিন্দা।