সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা অসুস্থ হয়ে গেছেন। আন্দোলনের কর্মসূচি দিয়ে মির্জা ফখরুল, মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি কি রাজনৈতিক অসুস্থতা নয়। ক্ষমতায় থাকতে সব লুটেপুটে খেয়েছে। এখনো ওই খাই খাই ভাব। ইলেকশন হলে তারা ভোটে হেরে যাবেন। তাই তারা উসকানি দিয়ে সহিংসতা করতে চাচ্ছেন।
গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সহিংস আন্দোলনের ক্ষেত্রে জনগণের নিরাপত্তার জন্য সরকারের দায়িত্ব আছে সতর্ক অবস্থানে থাকার। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দায়িত্ব আছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার। আমরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি করছি না। আমরা শান্তি সমাবেশ করব। তারা উসকানি দিচ্ছে সংঘাতের, তারা উসকানি দিচ্ছে সহিংসতার, ভাঙচুরের। তারা পুলিশের ওপর হামলা করার জন্য নিত্যদিনই চেষ্টা চালাচ্ছে। এর সমুচিত জবাব আমাদের দিতেই হবে। এখানে পাল্টাপাল্টির কোনো বিষয় নেই। উন্মুক্ত রাজপথ পেয়ে যা খুশি তাই করবে আমরা কি বসে বসে আঙুল চুষব?’
তিনি বলেন, ‘বিএনপি নিজেরা তো কিছু করতে পারেনি। শেখ হাসিনা যা করছেন তাতে তাদের অন্তর জ্বালা তৈরি হয়েছে। তারা রাতের অন্ধকারে ভিত্তিপ্রস্তর ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা যে শত সেতু উদ্বোধন করেছেন সেই সেতুর উদ্বোধনী ফলক নরসিংদীতে ভাঙচুর করে নিচে ফেলে দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে আগ্রহী নয়।’
লোকজ উৎসব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের লোকশিল্প অর্থনৈতিকভাবে অনেক লাভজনক হতে পারে। আমাদের জামদানি শিল্পকে আরও গতিশীল করতে হবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণœ রাখতে হবে।’
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবনের লক্ষ্যে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোকজ উৎসবে এ বছর ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও রয়েছে লোকজীবন প্রদর্শনী, নকশিকাঁথা প্রদর্শনী, কারুশিল্পীদের চিত্রকর্ম প্রদশর্নীসহ লোকজ মঞ্চে প্রতিদিন লোকজ অনুষ্ঠানের আয়োজন। এ উৎসব চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।